রাস্তা অথবা ফুটপাতে রাখা সরকারি-বেসরকারি নির্মাণ সামগ্রী অপসারণে অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ(ডিএমপি)। শীঘ্রই ঢাকা মহানগরীতে রাস্তা অথবা ফুটপাতর রাখা নির্মাণ সামগ্রী অপসারণে ট্রাফিক বিভাগ কর্তৃক বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানিয়েছে ডিএমপি।
ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে সরকারি/বেসরকারি ব্যক্তি/প্রতিষ্ঠান কর্তৃক নির্মাণ কাজে ব্যবহৃত বিবিধ নির্মাণ সামগ্রী ও অন্যান্য মালামাল যত্রতত্র ভাবে রাস্তা/ফুটপাতে রাখছেন। এর ফলে একদিকে সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে, অপরদিকে পথচারীগণের চলাচলের অসুবিধা হচ্ছে। এটি ডিএমপি অধ্যাদেশ ১৯৭৬ এর ৬৭/৬৮/৭২/১০২ ধারা এবং সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৩৭/৮২ ধারার সুষ্পষ্ট লঙ্ঘন।
গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শীঘ্রই ঢাকা মহানগরীতে এই কার্যক্রমের বিরুদ্ধে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং ডিএমপি ট্রাফিক বিভাগ কর্তৃক বিশেষ অভিযান পরিচালিত হবে।
