নিজস্ব প্রতিবেদক
রংপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সবজি বীজ খামারে সংবাদ সংগ্রহকালে বিজয় টিভির সাংবাদিক ও ক্যামেরাম্যানকে বাধা, অশালীন ভাষায় গালিগালাজ এবং ক্যামেরাম্যানকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে এক কর্মকর্তার বিরুদ্ধে।

এ ঘটনায় বিজয় টিভির রংপুর ব্যুরো প্রধান মো. হামিদুর রহমান হামিদ বুধবার (১৬ সেপ্টেম্বর) তাজহাট থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়, ১৫ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে বিএডিসির সবজি বীজ খামারে শ্রমিকদের কাজের বিষয়ে তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক হামিদুর রহমান হামিদ ও ক্যামেরাম্যান মো. সাগর ফারাজি। সেখানে ২৬ জন শ্রমিককে কাজ করতে দেখা গেলেও কাগজপত্রে ৮০ জন শ্রমিক কাজ করার কথা রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। বিষয়টি নিয়ে শ্রমিক সর্দারের সঙ্গে কথা বলার সময় বিএডিসির উপপরিচালক আবু জাফরসহ অজ্ঞাতনামা একজন সেখানে আসেন।
অভিযোগকারীর দাবি, এ সময় সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার পাশাপাশি উপপরিচালক আবু জাফর তাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং অশালীন ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে ক্যামেরাম্যান সাগর ফারাজি ঘটনাটি ক্যামেরায় ধারণ করার সময় তাকে ধাক্কা দেওয়া হলে তিনি পড়ে যান। এতে ক্যামেরাম্যানের পাশাপাশি মাইক্রোফোন ও বিজয় টিভির লোগো ক্ষতিগ্রস্ত হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে ওই কর্মকর্তার ডাকে আরও কয়েকজন ঘটনাস্থলে এসে তাদের আটকে রাখার চেষ্টা এবং খুন-জখমের ভয়ভীতি ও হুমকি দেন বলেও অভিযোগ করা হয়েছে। পরে তারা কৌশলে ঘটনাস্থল থেকে বের হয়ে সহকর্মীদের বিষয়টি জানান এবং থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগে ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন জানানো হয়েছে।
তবে অভিযোগে অভিযুক্ত বিএডিসির উপপরিচালক আবু জাফরের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা সংযুক্ত করা হবে।

